শিরোনাম

টাঙ্গাইল, ১২ জুন, ২০২৬ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খামারিদের দক্ষতা বৃদ্ধি ও প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা হবে।
বিএলআরআই উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে আজ টাঙ্গাইল সদরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদের রোগব্যাধি সম্পর্কে অনেক খামারির পর্যাপ্ত ধারণা নেই। ফলে রোগ শনাক্তকরণ ও সঠিক চিকিৎসা ব্যবস্থাপনায় তারা নানা সমস্যার সম্মুখীন হন। এ কারণে উপজেলা ও জেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাদের খামারিদের জন্য অধিকতর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ছাগল পালন স্বল্প ব্যয়ে অধিক লাভজনক। একজন দরিদ্র মানুষ সঠিকভাবে ছাগল পালন করতে পারলে সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
প্রতিমন্ত্রী বলেন, গরু-ছাগল থেকে দুধ ও মাংসের মতো পুষ্টিকর খাদ্য পাওয়া যায়, যা দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান ক্যাম্পেইনের আওতায় প্রায় দুই হাজার গবাদিপশুকে এলএসডি ভ্যাকসিন দেওয়া হবে। ভবিষ্যতে সদর উপজেলার সকল গবাদিপশুকে টিকাদানের আওতায় আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিদেশি এলএসডি প্রতি ডোজে যেখানে প্রায় ৩০০ টাকা ব্যয় হয়, সেখানে বিএলআরআই উদ্ভাবিত দেশীয় ভ্যাকসিনের প্রতি ডোজ উৎপাদন ব্যয় মাত্র ৫০ টাকা। বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তর ভ্যাকসিনটি উৎপাদন ও মাঠপর্যায়ে বিতরণ করছে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক(ভারপ্রাপ্ত) মো. শাহজামান খান।
এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদিল হক সানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং খামারিরা উপস্থিত ছিলেন।