বাসস
  ১২ জুন ২০২৬, ১৭:৫৯

কারিগরি ও নারী শিক্ষার প্রসারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর

ছবি : মন্ত্রণালয়

মানিকগঞ্জ, ১২ জুন, ২০২৬ (বাসস) : কারিগরি ও নারী শিক্ষার প্রসারে সরকারের বহুমুখী উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

শুক্রবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

মন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 

অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পসমূহ পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভা শেষে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন।