বাসস
  ০১ জুন ২০২৬, ১৮:০৭
আপডেট : ০১ জুন ২০২৬, ১৮:১৬

নীলফামারীতে বোরো ধান সংগ্রহ শুরু 

ছবি : বাসস

নীলফামারী, ১ জুন, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে খাদ্য বিভাগ। 

আজ সোমবার বিকেলে নীলফামারী খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আলফারুক আব্দুল লতীফ।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক, উপজেলা খাদ্য নিযন্ত্রক মো. সোহেল রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, নীলফামারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মো. আব্দুর রহমান নামের এক কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন ধান ক্রয় করে মূল্য পরিশোধ করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলায় কৃষকদের কাছ থেকে দুই হাজার চারশ’ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হযেছে। এজন্য লটারীর মাধ্যমে ৮৪৫ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। লটারীতে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। এ ছাড়া চলতি মৌসুমে মিল মালিকদের কাছ থেকে ১৪ হাজার ৭১ মেট্রিক টন চাল এবং ৭৭১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।