বাসস
  ৩০ মে ২০২৬, ১৫:৩৭

শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

ছবি : বাসস

শেরপুর, ৩০ মে ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ জেলায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আজ কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ের সামনে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে নেতা কর্মীরা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, মানিক মিয়া, রুমি মিয়াসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

পরে সবার উপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।