বাসস
  ৩০ মে ২০২৬, ১৩:০২

পটুয়াখালীতে ৪৫তম শাহাদাত বার্ষিকীতে শহীদ জিয়াকে স্মরণ 

ছবি : বাসস

পটুয়াখালী,৩০ মে, ২০২৬ (বাসস) : স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাঁর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে সদর রোডস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, সাবেক পৌর মেয়র আহমেদ পিনুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তৌফিক আলী খান কবির, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ মো. সালাহউদ্দিন।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে স্মৃতিচারণ করেন।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান এবং অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।