বাসস
  ৩০ মে ২০২৬, ০০:৪৪

পথশিশু ও বস্তিবাসীদের নিয়ে চসিক-বিদ্যানন্দের ঈদ আয়োজন

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৯ মে, ২০২৬ (বাসস) : ত্যাগ, সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে মহানগরে পথশিশু ও ছিন্নমূল বস্তিবাসীদের নিয়ে দিনব্যাপী ‘ঈদ আনন্দ আয়োজন’ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

চট্টগ্রাম নগরীতে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে শত শত শিশুর জন্য ছিল বিভিন্ন রাইড, আনলিমিটেড আপ্যায়ন, সাংস্কৃতিক আয়োজন এবং দিনশেষে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। আনন্দ, ভালোবাসা ও অংশগ্রহণের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। 

সকাল সাড়ে ১১টায় আজ অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, ‘কাউকে পেছনে ফেলে নয়-এই প্রত্যয় থেকেই আমাদের পথচলা। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব মানুষ সেই আনন্দের অংশীদার হতে পারে। মানবতার এই উৎসব আমাদের সবাইকে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।’

অনুষ্ঠানে মেয়র শতাধিক শিশুর মাঝে ঈদ সালামি বিতরণ করেন এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে একসঙ্গে খাবার গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, ঈদ মূলত সাম্য, সম্প্রীতি ও ত্যাগের উৎসব হলেও সমাজে ধনী-গরিবের বৈষম্য দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।

তিনি আরও বলেন, ‘কেউ পরিবারের নিত্য প্রয়োজন মেটাতেই হিমশিম খায়, আবার কেউ উৎসবে হাজার হাজার টাকা ব্যয় করে। ঈদ এলেই এই বৈষম্য আরও প্রকট হয়ে ওঠে। অনেক পরিবার আছে, যাদের কাছে ঈদ আনন্দের পরিবর্তে উদ্বেগ ও কষ্ট নিয়ে আসে।’

জামাল উদ্দিন আরও বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষগুলো করুণা নয়, চায় সম্মান ও মর্যাদা। তাদের সেই সামাজিক সম্মান ও আত্মমর্যাদার জায়গাটিকে গুরুত্ব দিয়েই আমাদের এই আয়োজন।’

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের মধ্যে উৎসবের আনন্দ পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।