শিরোনাম

শরীয়তপুর, ২৯ মে, ২০২৬, (বাসস) : জেলায় ১০১৪ অস্বচ্ছল ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়নে নির্ধারিত পয়েন্টে এসব গোশত বিতরণ করা হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশ’র অর্থায়নে এবং এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) কর্তৃক বাস্তবায়িত কোরবানির গোশত বিতরণ কর্মসূচি কার্যক্রমের আওতায় প্রথম দিন এসব পরিবারে মাঝে দেয়া হয়েছে।
এ কার্যক্রমে কঠোর মানদণ্ড অনুসরণ করে সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে খুঁজে করা হয়েছে। যারা নিজেরা কোরবানি দিতে অক্ষম, জাতীয় দারিদ্র্য সূচকের নিচে বসবাসকারী, নারী বা বৃদ্ধ পরিচালিত পরিবার, এবং প্রতিবন্ধী সদস্যদের বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে।
এ ছাড়াও এতিম শিশু, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার এবং পাঁচজনের অধিক সদস্য বিশিষ্ট ১৪শ পরিবারকে এ তালিকার অন্তর্ভুক্ত করা হয়।
নির্ধারিত তালিকা অনুযায়ী আজ প্রথম দিন ১০১৪ সুবিধাভোগীর মাঝে গোশত বিতরণ করা হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি তাজিন ইসলাম বাসসকে বলেন, ঈদের আনন্দ সকলে মিলে উপভোগ করার জন্য ইসলামিক রিলিফ এই প্রথম ১৪০০ হতদরিদ্র পরিবারের মাঝে স্থানীয় সহযোগী সংগঠন এসডিএস এর মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম জানান, তাদের এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয়ার আশাবাদ ব্যাক্ত করেন তারা।