শিরোনাম

নাটোর, ২৭ মে, ২০২৬, (বাসস) : জেলার লালপুর উপজেলায় আজিমনগর রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’র যাত্রা বিরতি শুরু হয়েছে।
ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এই ট্রেনের যাত্রী হয়ে মঙ্গলবার রাত দশটায় আজিমনগর রেল স্টেশনে পৌঁছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।
স্টেশনের প্লাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, চিলাহাটি এক্সপ্রেসের যাত্রা বিরতির মাধ্যমে পদ্মা নদীর জনপদের মানুষের রাজধানী যাত্রা সহজ ও সুন্দর হবে, সময় ও অর্থ সাশ্রয় হবে।
ফলে রাজধানীতে যাতায়াতকারী চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং অসুস্থ মানুষের অনিশেষ উপকার হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কানো মানুষ এবং জনপদ আর পিছিয়ে থাকবে না। গণতান্ত্রিক উন্নয়নের ধারায় দেশ এগিয়ে যাবে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ্র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু।
উল্লেখ্য, চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার পথে সকাল সাড়ে দশটায় এবং ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার পথে রাত নয়টায় আজিমনগর স্টেশনে দুই মিনিটের যাত্রা বিরতি করবে চিলাহাটি এক্সপ্রেস। আজিমনগর স্টেশনের যাত্রীদের জন্যে ২০টি শীতাতপ নিয়ন্ত্রিত এবং ২০টি শোভন শ্রেণির টিকিট সংরক্ষিত থাকছে।