বাসস
  ২৭ মে ২০২৬, ২০:৫৮

ঈদে বন্দিদের জন্য চট্টগ্রাম কারাগারে বিশেষ আয়োজন  

ছবি : বাসস

 চট্টগ্রাম, ২৭ মে, ২০২৫ (বাসস) : উঁচু দেয়াল, লোহার গেট আর কঠোর নিরাপত্তার ভেতরে কারাগারে থাকা বন্দিদের কাছে ঈদের আনন্দ অনেকটাই অধরা। তবে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ বিশেষ খাবার পরিবেশন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎসহ বন্দিদের জন্য বাড়তি কিছু আয়োজন রেখেছে। 

কারাগার সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও হাজতি মিলিয়ে প্রায় ছয় হাজার বন্দী রয়েছেন। তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, সরকারি বিধি অনুসরণ করেই বন্দিদের ঈদ আনন্দমুখর করতে চেষ্টা করা হচ্ছে।

ঈদের দিন সকালে কারাগারে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে অংশ নেবেন কারা কর্মকর্তা ও কর্মচারীরা। পরে বন্দিদের জন্য আলাদা জামাত আয়োজন করা হবে।

তিনি আরও জানান, ‘ঈদের দিন সকালে বন্দিদের জন্য সেমাই ও মুড়ির ব্যবস্থা থাকবে। দুপুরের খাবারে থাকবে পোলাও, গরুর মাংস বা খাসির মাংস, মুরগির রোস্ট, সালাদ এবং পান-সুপারি। রাতের খাবারে থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা। এছাড়া ঈদের পরদিন স্বজনরা চাইলে বাসায় রান্না করা খাবার বন্দিদের কাছে পৌঁছে দিতে পারবেন।