শিরোনাম

লালমনিরহাট, ২৭ মে, ২০২৬, (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলার তিনটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন।
আজ বুধবার সকাল ৯টায় তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী মুন্সিপাড়া ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুল মাজেদ। পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।
এছাড়া চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানিখাওয়া ঘাট জামে মসজিদ এবং বোতলা আহলে হাদিস বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ মাঠেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি দেন।
স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে এসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মুন্সিপাড়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মো. কায়েদে আজম জিন্নাহ বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপনের বিশ্বাস থেকেই আমরা এই আয়োজন করে আসছি।
কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে কিছু মানুষ সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল জোরদার ছিল।