বাসস
  ২৭ মে ২০২৬, ১৮:৪৩

ঠাকুরানি খালের আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু হয়েছে: ফরিদুল ইসলাম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলার ঠাকুরানি খাল উদ্ধার, দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন । ছবি ঃ বাসস

বাগেরহাট, ২৭ মে, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মোংলা পোর্ট পৌরসভার প্রাণ ঠাকুরানি খালের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 

তিনি বলেন, পরবর্তীতে খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ ও পূর্ণাঙ্গ খনন কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

আজ মোংলা পোর্ট পৌরসভা এলাকায় ঠাকুরানি খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ও জনকল্যাণমূলক নীতির ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৪৩টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। পরবর্তীতে তা দেশের ৬৪ জেলায় সম্প্রসারিত হওয়ায় জলাবদ্ধতা নিরসন, পরিবেশ রক্ষা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ইতিবাচক পরিবর্তন এসেছে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী আরও বলেন, ঠাকুরানি খাল দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও অবৈধ দখলের কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছিল। 

তিনি বলেন, খালের প্রায় ১৪টি রুদ্ধ পথ পুনরায় সচল করে নদীর সঙ্গে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে নাব্যতা ফিরবে, পরিবেশ রক্ষা পাবে ও পৌরবাসী, বিশেষ করে নতুন প্রজন্মের শিশুদের সুস্থ ও সুন্দর মানসিক বিকাশের পরিবেশ সৃষ্টি হবে।

শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, ‘খাল শুধু পানিপ্রবাহের মাধ্যম নয়, এটি একটি জনপদের পরিবেশ ও জীবনের অংশ। তাই খাল রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত হতে হবে।’

তিনি বলেন, সরকার পরিবেশ সুরক্ষায় কোনো অবহেলা বরদাশত করবে না।

প্রতিমন্ত্রী স্থানীয় জনগণকে খাল রক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা খাল পুনরুদ্ধার উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত খনন কাজ সম্পন্ন করার দাবি জানান।
এ সময় মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।