বাসস
  ২৭ মে ২০২৬, ১৭:৫৯

সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০টি গ্রামে আজ ঈদ

শরীয়তপুরের ৫০ গ্রামের প্রায় ২০ হাজার মুসল্লি আজ ঈদ উদযাপন করছেন। ছবি ঃ বাসস

শরীয়তপুর, ২৭ মে, ২০২৬, (বাসস): সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হচ্ছে। জেলার অন্তত ৫০টি গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি এ ঈদ উদযাপনে অংশ নিয়েছেন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে পৃথক মাঠে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
 
জামাতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।

জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তবে দরবার শরীফের নিয়ম অনুযায়ী কোনো পশু কোরবানি করা হয় না।

স্থানীয়ভাবে জানা গেছে, জান শরীফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরীফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছেন সারাদেশে।
 

সুরেশ্বরী দরবার শরীফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই রোজা ও ঈদ উদযাপন করেন।
 
এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর সহ ৫০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল আজহা পালন করেন।