শিরোনাম

ফেনী, ২৬ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের প্রস্তুতি নিয়েছে ফেনী পৌরসভা। ৭ ঘন্টার মধ্যেই পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বর্জ্য অপসারণে ১৪টি টিম গঠন করা হয়েছে।
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা জানান, পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৪টি টিম বর্জ্য অপসারণে কাজ করবে। প্রতিটি টিমে ১জন সুপার ভাইজারের অধীন কয়েকজন সদস্য থাকবেন। দুপুর ১২টা থেকে তারা বর্জ্য অপসারণের কাজ শুরু করবে। সন্ধ্যা ৭টার মধ্যে শহর পরিচ্ছন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, পৌর এলাকায় ৯ হাজার থেকে ১২ হাজার পশু কোরবানি হতে পারে। এরই মধ্যে পৌরসভার বাসিন্দাদের কোরবানীর বর্জ্য সংরক্ষণের জন্য ১০হাজার ব্যাগ সরবরাহ করা হয়েছে।এছাড়া পৌরসভার ড্রেন, নালা-নর্দমা বা খাল-বিলের পাশের্^ পশু কোরবানী করতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছে।
ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার জানান, যথাসময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়নে সার্বক্ষণিক প্রস্তুতি তদারকি করা হচ্ছে। এছাড়া পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনেও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করছে।