বাসস
  ২৬ মে ২০২৬, ১৮:৫৫

ঈদের ছুটিতে চট্টগ্রাম নগর ও জেলায় পুলিশের নিরাপত্তা

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ মে, ২০২৫ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে চট্টগ্রাম মহানগর ও জেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্চিদ্র ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলা পুলিশ। 

ঈদের ছুটিতে নগরের অধিকাংশ মানুষ সপরিবারে তাদের গ্রামের বাড়িতে চলে যাওয়ায়, ফাঁকা বাসা-বাড়িতে চুরি বা ডাকাতির আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। 

এই বাস্তবতাকে সামনে রেখে নগরীর আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, পশুর হাট, বিপণি বিতান ও প্রধান জনসমাগমস্থলগুলোতে পুলিশি টহল ও নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।

সিএমপি সূত্র জানিয়েছে, ঈদ উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই নগরের বিভিন্ন প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। 

এর পাশাপাশি অপরাধীদের তৎপরতা রুখতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় আবাসিক এলাকাগুলোতে মোটরসাইকেল ও পেট্রোল টিমের বিশেষ টহল বাড়ানো হয়েছে, যাতে কোনো সংঘবদ্ধ চোর বা ছিনতাইকারী চক্র সক্রিয় হওয়ার সুযোগ না পায়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় আছেন উল্লেখ করে যে কোনো সন্দেহভাজন ব্যক্তি বা ঘটনার তথ্য পেলে দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোরবানিকে কেন্দ্র করে পশুর হাটগুলোতেও জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে জাল টাকা শনাক্তকরণ, অজ্ঞানপার্টি, পকেটমার ও মলম পার্টির ক্ষতিকর তৎপরতা ঠেকাতে পুলিশের একাধিক বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করছে। 
এ ছাড়া হাটে বড় অঙ্কের নগদ অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ী ও ক্রেতাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে ব্যাংক থেকে অর্থ পরিবহনের সময় পুলিশের সরাসরি সহায়তা নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

কোরবানির পশুর হাট, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোট প্রতিরোধ এবং সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো যাত্রীদের নির্বিঘœ যাতায়াত নিশ্চিত করতে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। 

ঈদের ছুটিকালীন সময়ে আবাসিক এলাকাগুলোতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি আরও উল্লেখ করেন যে নগরবাসীর সহযোগিতা ছাড়া শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তাই তিনি সবাইকে আইন-শৃঙ্খলা রক্ষায় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, পশুর হাট ও গ্রামীণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। 

ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া বাড়িগুলোর নিরাপত্তায় বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং সদস্যদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘœ যাত্রা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে আমরা কাজ করে যাচ্ছি। ঈদের ছুটিতে যারা বাসা ফাঁকা রেখে গ্রামের বাড়ি যাচ্ছেন, তাদের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখতে এবং মূল্যবান সামগ্রী নিরাপদে সংরক্ষণ করার অনুরোধ জানাচ্ছি। 

জনগণের সহযোগিতায় ঈদযাত্রা ও গ্রামীণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।