শিরোনাম

খুলনা, ২৬ মে, ২০২৬ (বাসস) : জেলার কয়রা উপজেলায় আজ গরু বোঝাই নছিমন (শ্যালো ইঞ্জিন চালিত যান) উল্টে মিজানুর রহমান (৪২) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে কয়রা উপজেলার ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামছুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মিজানুর রহমান গরু বোঝাই নছিমন (শ্যালো ইঞ্জিন চালিত যান) নিয়ে উপজেলার বাগালী জেআইবি ক্লাব মাঠে গরুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে নছিমন উল্টে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান।
এ সময় তার ছেলে আব্দুল্যাহ এবং একই গ্রামের আতিয়ার রহমান ঢালী ও আবুল সানা আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, নিহত ব্যক্তির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।