বাসস
  ২৬ মে ২০২৬, ১৭:৪৩

দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত 

ছবি : বাসস

দিনাজপুর, ২৬ মে, ২০২৬ (বাসস) : এশিয়ার সর্ববৃহৎ ঈদগা মাঠ দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ঈদগা ময়দানের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে একথা জানান। 

দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ঈদের নামাজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য আজ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাথে নিয়ে ঈদগা ময়দান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। 

সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রতিবারের মতো এবারও দিনাজপুরের প্রথম জামাত গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদের জামাত শান্তিপূর্ণ ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  

দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তায় ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদ-উল আযহার জামাত অনুষ্ঠিত হবে বলে আশা করছি। লক্ষ লক্ষ মুসল্লি যাতে এক সাথে নামাজ আদায় করতে পারেন তার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ ময়দানে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এ উপলক্ষে জেলা প্রশাসন সম্প্রতি এক প্রস্তুতিমূলক সভা করেছে। ঈদগা মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে রং করাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, পুরো ঈদগা জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করবেন। ঈদের দিন সকাল থেকে মুসল্লিরা মাঠের প্রবেশপথ দিয়ে আসবেন। প্রত্যেক প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। মুসল্লিরা শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন। ঈদগা মাঠে থাকবে পর্যবেক্ষণ টাওয়ার। পর্যাপ্ত সংখ্যক মাইক বসানো হচ্ছে। ওজু করতে যেন অসুবিধা না হয় এজন্য পর্যাপ্ত ওযুখানা এবং পানির ব্যবস্থা রাখা হয়েছে। 

ঈদ-উল আযহার দিনে সর্ববৃহৎ-এ জামাতকে ঘিরে ওয়াচ টাওয়ার, চেকপোস্ট, ড্রোন, সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের পাশাপাশি থাকবে কঠোর গোয়েন্দা নজরদারি। মাঠের আশেপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন। ঈদের জামাতে ইমামতি করবেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মওলানা মো. মতিউর রহমান কাসেমী।