বাসস
  ২৬ মে ২০২৬, ১৬:৩৯

ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান : চসিক মেয়র

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৬ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মিত বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হবে নগরের কেন্দ্রীয় ঈদ জামাত।

মঙ্গলবার ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান ।

মেয়র বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে মুসল্লিদের নির্বিঘন্ন নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্ভাব্য বৃষ্টিপাতের কথা বিবেচনায় রেখে প্যান্ডেলের ওপর টারপলিন টানানো হয়েছে। পুরো ময়দানে কার্পেট বিছানো হয়েছে, যাতে প্রতিকূল আবহাওয়াতেও জামাতে কোনো বিঘন্ন না ঘটে।

চসিক সূত্র জানায়, ময়দানে ১৪০টি সিলিং ফ্যান ও ৬০টি স্ট্যান্ড ফ্যান স্থাপন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৩০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

চসিক মেয়র জানান, প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় জামাতে ২০ থেকে ২৫ হাজার মুসল্লির অংশগ্রহণের আশা করা হচ্ছে। অতিরিক্ত মুসল্লির চাপ সামাল দিতে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায়।

তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে জমিয়তুল ফালাহ মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আলকাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও ৯টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদগুলো হলো- লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (রা.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুসল্লিদের যথাসময়ে নির্ধারিত ঈদ জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান মেয়র। মাঠ পরিদর্শনকালে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং কোরবানির আত্মত্যাগের শিক্ষাকে হৃদয়ে ধারণ করে ক্লিন সিটি গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চসিকের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ, নির্বাহী প্রকৌশলী ফখরুল ইসলাম, মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীরা।