শিরোনাম

কক্সবাজার, ২৬ মে, ২০২৬ (বাসস) : নিজের ঘরের বারান্দায় বসে পরিবারের সদস্যদের সাথে গল্প করতে করতে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন গৃহবধূ মুন্নী। জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার বাসিন্দা ছাদেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবা জান্নাত মুন্নী (১৯) ছাদেক আহমেদের স্ত্রী। একবছর আগে তাদের বিয়ে হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে ছাদেক আহমেদের বাড়িতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাকিবা জান্নাত মুন্নীর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, আজ সকাল থেকে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ একটি বজ্রপাত ছাদেক আহমেদের টিনশেড বাড়ির কর্নারে আঘাত হানে। এতে বাড়ির চাল ফুটো হয়ে বজ্রের আঘাত বারান্দায় এসে পড়ে।
এ সময় রাকিবা জান্নাত মুন্নী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়ির বারান্দায় বসে গল্প করছিলেন। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই রাকিবা জান্নাত মুন্নী গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন রাকিবা জান্নাত মুন্নীকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবা জান্নাত মুন্নীকে মৃত ঘোষণা করেন।
স্বামী ছাদেক আহমেদ বলেন, ‘আমার স্ত্রী মুন্নী পরিবারের সবার সঙ্গে খুবই অমায়িক ছিলেন। সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। বিয়ের এক বছরের মাথায় তাকে হারিয়ে আমাদের পরিবারে গভীর শোক নেমে এসেছে।’
নিহত রাকিবা জান্নাত মুন্নীর আত্মীয় মোহাম্মদ আলমগীর জানান, এক বছর আগে ছাদেক আহমেদের সঙ্গে রাকিবা জান্নাত মুন্নীর বিয়ে হয়েছিল। মুন্নীর বাবার বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে।