বাসস
  ২৬ মে ২০২৬, ১৫:২২
আপডেট : ২৬ মে ২০২৬, ১৫:২৮

যশোরের শীর্ষ সন্ত্রাসী ১৭ মামলার আসামি অনিক সহযোগীসহ গ্রেফতার

ছবি : বাসস

যশোর, ২৬ মে ২০২৬ (বাসস): জেলা শহরের শংকরপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি অনিক হাসান অনি এবং তার সহযোগী তানভীর আহমেদকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও চাকুসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল সোমবার (২৫ মে) সন্ধ্যার পর শংকরপুর বাবলাতলা এলাকার একটি মাছের ঘেরের টংঘরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ তথ্য জানান।

অনিক হাসান অনি শংকরপুর এলাকার আলতাফ হোসেন আলতুর পুত্র এবং তার সহযোগী তানভীর আহমেদ চাঁচড়া রায়পাড়া এলাকার তরিকুলের পুত্র।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, এসআই কামাল হোসেন ও এসআই বাবলা দাসসহ ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে ওই দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অনিক হাসান অনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগী তানভীর আহমেদের প্যান্টের পকেট থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক অনিক হাসান অনি এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে তার সহযোগী তানভীর আহমেদের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, এই অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।