শিরোনাম

নেত্রকোণা, ২৬ মে, ২০২৬ (বাসস) : ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্ম জয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে গতকাল সোমবার জেলা শহরে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোণা পাবলিক হলে জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মো.আরিফুল ইসলাম সরদার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের প্রতীক। তাঁর সাহিত্যকর্ম বাঙালি জাতিকে যুগে যুগে শোষণের বিরুদ্ধে ও অন্যায়ের প্রতিবাদ করতে অনুপ্রেরণা যোগাবে। তিনি নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আবৃত্তি ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।