শিরোনাম

খুলনা, ২৫ মে, ২০২৬ (বাসস) : মডেল ওয়ার্ড বাস্তবায়নে নাগরিক অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে নগরীর ২৭নং ওয়ার্ডের পূর্ববানিয়াখামার জনকল্যাণ টাওয়ারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনার সহযোগিতায় বেসরকারি সংস্থা পরিবর্তন এ সভার আয়োজন করে। সংস্থাটি নগরীর ২৭নং ওয়ার্ড এলাকাকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করছে। সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টে প্রতিদিন তিনশ পঞ্চাশ টন বর্জ্যের প্রয়োজন হবে এবং বাড়ি থেকে বর্জ্য পৃথকীকরণ করার বিষয়ে পরিকল্পনা নেয়া হচ্ছে। আগামী নভেম্বরে প্লান্টটি চালু হলে বর্জ্য ব্যবসায়িক পণ্য হিসেবে পরিগণিত হবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন।
পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনার সভাপতি এ্যাড. কুদরদ ই খুদা-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ এবং স্বাগত বক্তৃতা করেন পরিবর্তন-এর প্রধান নির্বাহী নাজমুল আজম ডেভিড।
সভায় ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে নগরের পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন রাখার একটি কন্টেন্ট প্রদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজির অধ্যাপক. ড. মো. ওয়াসিউল ইসলাম।