বাসস
  ২৫ মে ২০২৬, ২০:৫৮

হয়রানি মুক্ত পরিবেশে চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ফাইল ছবি

চট্টগ্রাম, ২৫ মে ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রাম ও জেলার ১৪টি উপজেলার হাটে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন হাটে পশু কেনা-বেচা জমে উঠেছে।

পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। হাটের ভেতর ও বাইরে, পাশাপাশি নগরীর প্রবেশপথগুলোতে পুলিশ, র‌্যাব, আনসার সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি এক সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানান, পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্নভাবে নজরদারি করা হবে। তিনি বলেন, নগরীর হাটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে। 

এছাড়া জালনোট শনাক্তে প্রতিটি হাটে ভুয়া নোট শনাক্তকারী যন্ত্র রাখা হয়েছে।

একাধিক পশু ব্যবসায়ী নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন। নগরীর বিবিরহাট বাজারে আসা বাঁশখালীর ব্যবসায়ী সাকিব হোসেন এবং সাগরিকা বাজারে আসা টেকনাফের ব্যবসায়ী মো. সেলিম ব্যাপারী জানান, পথে কিংবা হাটে কোথাও তাদের চাঁদা দিতে হয়নি।

নগরীর কয়েকটি ঐতিহ্যবাহী ও অস্থায়ী পশুর হাট এবং কিছু ছোট বাজার ঘুরে দেখা গেছে, বিপুলসংখ্যক গবাদিপশু আসতে শুরু করেছে এবং কেনা-বেচায়ও গতি পেয়েছে।

ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্টদের ধারণা, এ বছর কোরবানির পশুর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি হতে পারে।

কুষ্টিয়া থেকে বিবিরহাট বাজারে আসা ব্যবসায়ী আবদুল গণি বাসসকে জানান, তিনি ২৫টি বড় আকারের গরু নিয়ে চট্টগ্রামে এসেছেন, তবে কোনো ধরনের চাঁদা দিতে হয়নি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরীতে মোট ১০টি পশুর হাট বসেছে, যার মধ্যে ৮টি অস্থায়ী। গত শুক্রবার থেকে এসব অস্থায়ী হাটে পশু কেনা-বেচা শুরু হয়েছে এবং আগামী ২৮ মে মধ্যরাত পর্যন্ত চলবে।

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, হাট ও আশপাশের এলাকায় অপরাধ প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তায় নগরীর বিভিন্ন পশুর হাট, গুরুত্বপূর্ণ স্থান ও মহাসড়কে প্রায় ১৬০ জন র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।