শিরোনাম

গোপালগঞ্জ, ২৫ মে ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ এলাকায় বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাইক্রোবাস চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আজ সোমবার দুপুর ২ টায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘কোটালীপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুরে সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক একই সময়ে মাইক্রোবাসটির পেছনে থাকা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি মহাসড়ক থেকে ছিঁটকে পাশের গভীর খাদে পড়ে যায় এবং মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন। এ ঘটনায় বাসের যাত্রীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত টিমসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। নিহত মাইক্রোবাসের চালকের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ গোপালগঞ্জ ২৫০- শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।