বাসস
  ২৪ মে ২০২৬, ২১:৫৫

বগুড়ায় নকল পণ্য তৈরি ও বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা 

বগুড়া, ২৪ মে ২০২৬ (বাসস): জেলায় আজ নকল পণ্য তৈরি ও অনলাইনে বিক্রির দায়ে একব্যক্তিকে দুইলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের লতিফপুর কলোনির সেলিনা আসরাফের মন্ডল হাউজের তৃতীয় তলায় অভিযানকালে এ জরিমানা করা হয়। 

এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শহরের লতিফপুর কলোনির সেলিনা আসরাফের মন্ডল হাউজের তৃতীয় তলায় ভাড়া বাসায় জনৈক ফিরোজ কবির ফারুক নিবন্ধিত বিডি হেলথ কোম্পানির ‘প্রশান্তি তেল’সহ বিভিন্ন পণ্য নকল করে বাজারজাত করছিল। একাজে অভিযুক্ত ব্যক্তি আসল প্রতিষ্ঠানের প্যাকেট ও অন্যান্য তথ্য ব্যবহার করে এসব পণ্য সরবরাহ করা হচ্ছিল। ‘প্রশান্তি তেল’-এর বিপণন প্রতিষ্ঠান হিসেবে ঢাকার আশ-শিফার নামও ব্যবহার করা হচ্ছিল। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ফিরোজ কবির ফারুককে ২ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।   

এ সময় র‌্যাব-১২ এর সদস্যরা উপস্থিত ছিলেন।