শিরোনাম

কুষ্টিয়া, ২৪ মে ২০২৬ (বাসস): জেলায় আজ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে মাদক সহ ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
আজ রোববার দুপুরে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল আনুমানিক ৫টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ রংমহল মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ আলো হোসেন (১৯) নামের আটক করা হয়। এছাড়াও দিবাগত রাত সাড়ে ১১টার সময় কাথুলি মাঠে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
এ ছাড়া, শনিবার দিবাগত রোববার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর ব্রিজ মোড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ, ১০ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদক ও অবৈধ মালামালের আনুমানিক সিজার মূল্য আনুমানিক এককোটি ৮ লাখ ৮০ হাজার চারশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও বিস্ফোরক সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।