শিরোনাম

চাঁদপুর, ২৪ মে ২০২৬ (বাসস): জেলার শাহরাস্তি উপজেলায় আজ বালুবাহী ট্রাকের চাপায় রবিউল আলম (৫২) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ রোববার সকাল আনুমানিক সোয়া ১০টায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শিবপুর বাংলা বাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল আলম জেলার শাহরাস্তি উপজেলার শিবপুর নোয়াবাড়ি এলাকার মৃত আলী আকবর মাস্টারের ছেলে। তিনি শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গাগামী একটি সিএনজি চালিত অটোরিকশা (কুমিল্লা-খ ১৩১১৪৪) যাত্রী ওঠানোর জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল এবং যাত্রী রবিউল আলম গাড়িতে উঠছিলেন। এসময়ে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ওভারলোড বালুবাহী ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫৮৮৯২) সিএনজি চালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রবিউল আলম ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ দুর্ঘটনায় অটোরিকশা চালক মেহেদী হাসান গুরুতর আহত হন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।