বাসস
  ২৪ মে ২০২৬, ২১:২৫

সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ

ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৪ মে, ২০২৬, (বাসস): পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ জেলা কারাগারের ১৩০ জন পুরুষ ও নারী বন্দীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা কারাগারের ভেতরে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন পুরুষ বন্দীর মাঝে লুঙ্গি এবং ৩০ জন নারী বন্দীর মাঝে শাড়ি বিতরণ করা হয়। 

সমাজসেবা অধিদপ্তর, সুনামগঞ্জের আয়োজনে বন্দীদের জন্য এই ঈদ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাইন উদ্দিন ভূঁইয়া। 

জেলার শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

এ সময় তিনি বন্দীদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন।

এছাড়াও উম্মুক্ত উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস চন্দ দাস এবং সর্বপ্রধান কারারক্ষী আব্দুল মোন্নাফ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আইন সবার জন্য সমান। কারাগারে যারা বিভিন্ন অপরাধের মামলায় রয়েছেন, তারা নিজেদের জীবনকে পরিশুদ্ধ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আমি আশাবাদী।