শিরোনাম

নরসিংদী, ২৪ মে, ২০২৬ (বাসস) : ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে।
সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী যাচ্ছিল। ট্রেনটি নরসিংদীর পলাশ ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়।
এসময় ট্রেনের ছাদে থাকা সজিব সরকার বজ্রপাতে ছাদেই মারা যান। ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে থামার পর ছাদ থেকে মরদেহ নামানো হয়। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়।