বাসস
  ২৪ মে ২০২৬, ১৬:৪৮

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

টাঙ্গাইল, ২৪ মে, ২০২৬, (বাসস): জেলার বাসাইল উপজেলায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫), একই গ্রামের শওকত আলীর ছেলে মো. লিমন (১৪) ও সোলাইমানের ছেলে মো. সায়মন (১৪)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। 

এ সময় ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লিমনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় সায়মনের।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। 

তাদের মধ্যে একজন ঘটনাস্থলে ও বাকি দুজনের মধ্যে একজন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং অপরজনকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।