বাসস
  ২৪ মে ২০২৬, ১৬:৪৯

যশোরে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

ছবি : বাসস

যশোর, ২৪ মে, ২০২৬, (বাসস): জেলার শার্শায় মাদক মামলায় দুই কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
তারা হলেন, উপজেলার পাঁচভুলট গ্রামের সাজু বদ্দি ও আলামিন। প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। 

একই মামলায় একই গ্রামের মেহেদী হাসানকে দুই বছরের সাজা ও ৩ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তারা আগেই আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন।

আদালতের এপিপি এ্যাড. আনিসুর রহমান পলাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর গভীর রাতে শার্শার পাঁচভুলট বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে রাজগঞ্জ গ্রাম থেকে ৮৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিনজনকে আটক করে। 

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে ২০১৮ সালের ২০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। 

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে আদালত থেকে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।