শিরোনাম

নীলফামারী, ২৩ মে ২০২৬ (বাসস) : জেলার সৈয়দপুর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে রাফিদ রহমান কাব্য (১৬) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা সদরের নিঝুম আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাফিদ রহমান কাব্য এবার জেলার সৈয়দপুর ক্যাণ্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল। সে জেলার ডোমার উপজেলার চিকনমাটি মোজাপাড়া গ্রামের ব্যবসায়ী মো. হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাফিদ রহমান কাব্য সৈয়দপুর শহরের নিচু কলোনী এলাকার একটি ভাড়া বাসায় মা শাম্মি আক্তারের সঙ্গে থেকে স্থানীয় ক্যাণ্ট পাবলিক কলেজে এইচএসসি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতো। এবছর তার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। আজ শনিবার কয়েকজন সহপাঠি মিলে কলেজ মাঠে ফুটবল খেলতে যায় রাফিদ রহমান কাব্য। খেলা শেষে ফেরার পথে তারা কলেজের অদুরে একটি পুকুরে গোসল করতে নামে। এসময় কাব্য সাঁতার কাটতে গেলে একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা সহপাঠিরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে পাশে একটি নির্মানাধীন ভবনে কর্মরত নির্মান শ্রমিকদের ডেকে আনেন। তারা চেষ্টা করে কাব্যকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গুরুতর অবস্থায় সৈয়দপুর সেনানিবাস হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কলেজ ছাত্র রাফিদ রহমান কাব্যকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।