বাসস
  ২৩ মে ২০২৬, ১৭:১৫

কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২৩ মে, ২০২৬ (বাসস) : জেলায় পাকুন্দিয়া উপজেলায় আজ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণের সঠিক ও যথাসময়ে ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস-এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলী আকবর, উপজেলা ভেটেরিনারি সার্জন তামান্না দিলশাদ রিমি প্রমুখ বক্তব্য রাখেন। 

এ প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি, মাংস ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কোরবানির পশু সঠিক পদ্ধতিতে জবাই, চামড়া সংরক্ষণের কার্যকর উপায় এবং চামড়ার গুণগত মান বজায় রাখতে যথাসময়ে লবণ প্রয়োগের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও কোরবানির পশুর চামড়ার অপচয় রোধ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়।