শিরোনাম

জয়পুরহাট, ২৩ মে, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ ট্রাক চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামের মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ৮টার দিকে জয়পুরহাট শহরে জেলা শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাক-এর দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির পাশে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন মাহফুজুল ইসলাম মাফু। একপর্যায়ে জয়পুরহাট শহরের প্রধান সড়কে জেলা শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন মাহফুজুল ইসলাম মাফু। তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা চলছে।