শিরোনাম

মুন্সীগঞ্জ, ২২ মে, ২০২৬ (বাসস) : আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশু ক্রয়বিক্রয়ের জন্য জেলায় ৬৯টি হাট বসছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় এ বছর কোরবানির পশু বেচা কেনার জন্য ২৮টি অস্থায়ী এবং ৪১টি স্থায়ী হাট বসছে। ইজারাদাররা ইতোমধ্যে হাটের অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করেছে। হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে।
সরেজমিনে দেখা যায়, পাবনা, সিরাজগঞ্জ ও ফরিদপুরের কৃষক এবং পাইকাররা গরু নিয়ে হাটে অবস্থান করছে। এখনো বেচা কেনা জমে উঠেনি। উৎসুক জনতা এবং ক্রেতারা গরু দেখার জন্য হাটে আসছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বড় বড় হাটে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং আনসার বাহিনী মোতায়েন করা হবে। কোরবানির পশুর চিকিৎসার জন্য থাকবে প্রাণি সম্পদ বিভাগের চিকিৎসক দল।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বাসসকে বলেন, কোরবানি হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে ১২টি চেক পোস্ট বসানো হয়েছে। হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাসহ যাতে কোথাও কোন চাঁদাবাজি এবং প্রতারণার ঘটনা ঘটতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।