শিরোনাম

লক্ষ্মীপুর, ২২ মে ২০২৬ (বাসস) : জেলার কমলনগরে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৬৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মাতাব্বর হাট থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে হাজিরহাট বাজারের উদ্দেশ্যে রওনা হন। অটোরিকশাটি হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে নুরুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল ইসলাম কমলনগর উপজেলার চর জগবন্ধু গ্রামের বাসিন্দা মৃত আবদুর রশিদের পুত্র। তিনি মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহতের ভাতিজা মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।