বাসস
  ২২ মে ২০২৬, ১৭:৩১

ভূঞাপুর-ঢাকা রোডে বিআরটিসি এসি বাস সার্ভিস চালু

ছবি : বাসস

টাঙ্গাইল, ২২ মে ২০২৬ (বাসস) : জেলার ভূঞাপুর-ঢাকা রোডে চালু হল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-র বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু আজ সকালে ভূঞাপুর উপজেলার নলিন বাজার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত (এসি বাস সার্ভিস) চলাচলের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বিআরটিসি এসি বাসটি ভূঞাপুরে নলিন বাজার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত এখন ৩৫০ টাকা ভাড়ায় প্রতিদিন যাতায়াত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, হেমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

স্থানীয় যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে এই রোডে  চলাচলকারী বেসরকারি বাসগুলোর সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছিল। ভূঞাপুর-ঢাকা রোডে চলাচলকারী অধিকাংশ বাসে সময়ক্ষেপণ, মাঝপথে বাস পরিবর্তন, অতিরিক্ত যাত্রী বহন এবং স্টাফদের অসদাচরণ নিত্যদিনের ঘটনা। এর ফলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নিয়মিত অফিসগামী, শিক্ষার্থী ও নারী যাত্রীরা। অনেকেই এই চরম ভোগান্তি এড়াতে বাধ্য হয়ে বাড়তি কষ্ট ও টাকা খরচ করে এলেঙ্গা গিয়ে দূরপাল্লার বাসে যাতায়াত করেন। উন্নত ও আধুনিক সেবার দাবি দীর্ঘদিনের হলেও এতদিনে তা আলোর মুখ দেখেনি। এমন দমবন্ধ বাস্তবতায় বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ যাত্রীরা।