বাসস
  ২২ মে ২০২৬, ১৫:৫০

রায়গঞ্জে চোরাই গরু-ছাগলসহ পিকআপ আটক

ছবি: বাসস

সিরাজগঞ্জ, ২২ মে, ২০২৬ (বাসস) : জেলার রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় পুলিশের অভিযানে চোরাই ৩টি গরু ও ১টি ছাগলসহ একটি পিকআপ আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রায়গঞ্জ থানা পুলিশের টহল দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশের একটি টহল দল উপজেলার ষোলমাইল এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি সন্দেহজনক পিকআপ থামিয়ে তল্লাশি করা হলে গাড়িতে থাকা ৩টি গরু ও ১টি ছাগলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পশুগুলো চোরাইকৃত বলে নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া গবাদিপশুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে রায়গঞ্জ থানা পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

চুরি, ডাকাতি, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। চোরাইকৃত গবাদিপশু উদ্ধারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা সতর্ক ও আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।