বাসস
  ২২ মে ২০২৬, ১৪:৪৭

 জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দোরগোড়ায় যাচ্ছি : এমপি খোকন

ছবি: বাসস

মাদারীপুর, ২২ মে, ২০২৬, (বাসস): মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় যাচ্ছি। 

আমার আসনের জনগণের যাদের ব্রিজ কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দরকার, আমি চাই জনগণ তার নিজ মুখে আমার কাছে এসে বলুক।

আজ শুক্রবার সকালে ২০২৫-২০২৬ অর্থবছরে জিওবি মেইন্টেনেন্সের আওতায় কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট-ডিসি, রামারপোল লঞ্চঘাট পর্যন্ত রাস্তার কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরও বলেন, আমার নির্বাচনী আসনের প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে ঘুরে জনগণের উন্নয়নমূলক কাজ করার জন্য তথ্য নিচ্ছি। তারা আমার কাছে লিখিত অ্যাপ্লিকেশন আকারে দেক অথবা মুখে বলুক, আমি সেটা লিখে রাখি। আমি চাই যার যার কাজ আমার কাছ থেকে বুঝে নেক এবং আমি চাই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামিম মোল্লাসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।