বাসস
  ২২ মে ২০২৬, ১১:১৯

রাজশাহীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী, ২২ মে ,২০২৬, (বাসস): নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক ও মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ইসমাইল হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন হড়গ্রাম বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পবদেবপুর (সুলতানগঞ্জ) গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে। 

শুক্রবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত আসামি হড়গ্রাম বাজার এলাকায় অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়ানোর উদ্দেশে ছদ্মবেশ ধারণ করে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।

আইনি প্রক্রিয়া শেষে তাকে নগরীর রাজপাড়া থানায়  হস্তান্তর করা হয়েছে।