বাসস
  ২১ মে ২০২৬, ১৯:০১

রাজশাহীতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ছবি : বাসস

রাজশাহী, ২১ মে, ২০২৬ (বাসস): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

আজ নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি কয়েকজন বাসিন্দার হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগের আওতায় মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হবে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য ২টি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হবে। নাগরিকদের স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির মাংস সংরক্ষণে সহায়তা করতেই পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হচ্ছে। এসব ব্যাগ পচনশীল হওয়ায় মাটির সঙ্গে সহজেই মিশে যাবে। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নজরুল হুদা, সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।