বাসস
  ২১ মে ২০২৬, ১৮:৫৮

নওগাঁয় বজ্রপাতে মৃত ও আহতের পরিবারকে অর্থ সহায়তা

ছবি : বাসস

নওগাঁ, ২১ মে, ২০২৬ (বাসস) : জেলার মহাদেবপুরে বজ্রপাতে মৃত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল তিনজনের পরিবারের হাতে মোট ৪০ হাজার টাকার চেক তুলে দেন।

এরমধ্যে বজ্রপাতে মৃত দিলিপ চন্দ্র বর্মনের স্ত্রী অনিতা রানী বর্মনের হাতে ২০ হাজার, বজ্রপাতে আহত জীবন চন্দ্র বর্মনকে ১০ হাজার এবং আহত নারায়ণ চন্দ্র বর্মনকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাইন বিনতে আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম এরশাদ, মৎস্য কর্মকর্তা শিল্পী রানী, সমাজ সেবা কর্মকর্তা রেজাউন হক প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ মে উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের দিলিপ চন্দ্র বর্মন মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান। এ সময় তার অপর দুই সহযোগী জীবন চন্দ্র বর্মন এবং নারায়ণ চন্দ্র বর্মন গুরুতর আহত হন।