শিরোনাম

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : সরকারের নীতি এবং অগ্রাধিকার প্রকল্প নিয়ে যে কোনো গুজব ও অপতথ্য মোকাবিলায় জনগণকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছে পিরোজপুর জেলা তথ্য অফিস।
এ লক্ষ্যে জনগণকে সতর্ক রাখার নৈতিক দায়িত্ব নিয়ে ভূমিকা রাখতে গণমাধ্যমসহ সকল রাজনৈতিক দল, ব্যবসায়ী, সুশীল সমাজ, শিক্ষক ও নাগরিক সমাজের সকল সচেতন অংশের প্রতি আহ্বান জানানো হয়।
বুধবার সরকারের নির্বাচনি ইশতেহার ও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে পিরোজপুর জেলা তথ্য অফিসের বিগত তিন মাসের প্রচার কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই আহ্বান জানানো হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পিরোজপুর তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে জেলা প্রশাসক আবু সাঈদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আলমাদানি।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়িসহ সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকার প্রকল্প ও সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি ও সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, সরকার প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর জনজীবনের মান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বিশেষ অগ্রাধিকার কর্মসূচি গ্রহণ করেছে। সকল কর্মসূচির সুফল পেতে জনগণের সক্রিয় অংশ গ্রহণ গুরুত্বপূর্ণ। এজন্য জনগণকে সচেতন করতে সরকার প্রচার কার্যক্রমে গুরুত্ব আরোপ করেছে।
কার্ড বিতরণ কার্যক্রমে কোনো দালালের ফাঁদে পা না দিতে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সমাজের ভালো-মন্দ পাহারা দেওয়ার দায়িত্ব গণমাধ্যমের। কেউ যেন গুজব, অপতথ্য বা বিভ্রান্তিমূলক খবর না ছড়াতে পারে সে বিষয়েও গণমাধ্যমকে সজাগ থাকতে হবে।
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমে দেশব্যাপী জেলা তথ্য অফিস সমূহের গত তিন মাসের বিভিন্ন কর্মসূচির লক্ষ্য মাত্রার শতভাগ অর্জনের তথ্য জানিয়ে তথ্য অফিসের উপ-পরিচালক বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারের সহায়তা কর্মসূচিগুলো নিয়ে আস্থা সৃষ্টির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে সচেতনতা সৃস্টির কাজ করে যাচ্ছে। কর্মসূচি গুলোর মধ্যে উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, ফ্যামিলি সমাবেশ, কৃষক সমাবেশ, ডকুমেন্টারি প্রদর্শন, সড়ক প্রচার, বিলবোর্ড স্থাপন, শিক্ষার্থীদেও নিয়ে কুইজ প্রতিযোগিতা উল্লেখযোগ্য।
তিনি বলেন, সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু কুচক্রী মহল বিভিন্ন অপকৌশলের মাধ্যমে নিরীহ মানুষকে নানা ভাবে বিভ্রান্ত করে সকল উন্নয়ন কাজ ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টা করতে পারে। দেশকে অস্থিতিশীল করাই তাদের মূল লক্ষ্য।