বাসস
  ২১ মে ২০২৬, ১৮:১৬

মনোহরদীতে নদী পাড়ের বালু কাটার দায়ে জরিমানা ও কারাদণ্ড

ছবি : বাসস

নরসিংদী, ২১ মে ২০২৬ (বাসস): জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকায় নদীর পাড়ের বালু অবৈধভাবে কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মনোহরদী উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে। 

অভিযানকালে চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।

মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সজিব মিয়া এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।