শিরোনাম

নীলফামারী, ২১ মে ২০২৬ (বাসস): জেলায় ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই গণশুনানি অনুষ্ঠিত হয়।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই গণশুনানির আয়োজন করে। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই ভূমি সেবার মানোন্নয়ন সম্ভব। ভূমি সেবার মানোন্নয়নে শুধু প্রশাসনের সদিচ্ছাই যথেষ্ট নয়, সেবাগ্রহীতাদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ভূমি সংক্রান্ত সঠিক তথ্য ও আইনি প্রক্রিয়া সম্পর্কে সাধারণ নাগরিকদের জ্ঞান যত বাড়বে, সেবাখাতে ইতিবাচক পরিবর্তন তত দ্রুত দৃশ্যমান হবে’। এসময় তিনি বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন।
সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে গণশুনানিতে সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের উত্তর দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সনাক সহসভাপতি ভুবন চন্দ্র রায় এবং টিআইবির রংপুর অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু।
গণশুনানিতে দেড় শতাধিক সাধারণ সেবা গ্রহীতা ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা সরাসরি ভূমি সেবা সংক্রান্ত নানা অনিয়ম, হয়রানি, দীর্ঘসূত্রিতা ও জটিলতার বিষয় তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম ৪০টিরও অধিক প্রশ্ন ও অভিযোগের জবাব দেন।
সাইদুল ইসলাম বলেন,‘ প্রান্তিক পর্যায়ের জনগণের সেবা প্রাপ্তিতে গণশুনানি অনেক কার্যকর ভূমিকা রাখে’। এসময় সাধারণ মানুষকে দালাল নির্ভরতা পরিহার করে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, এ গণশুনানি শুধু সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম নয়। এটি সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে একটি কার্যকর উদ্যোগ।