শিরোনাম

নওগাঁ, ২১ মে, ২০২৬, (বাসস): জেলার মান্দা উপজেলায় পাচারকালে সরকারি বরাদ্দের ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যার দিকে মৈনম ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় চাল কালোবাজারির অভিযোগে উজ্জ্বল সাকিদার নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মৈনম ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে মৈনম বাজার এলাকার বাসিন্দা বাবু মণ্ডলের (৫৬) বাড়ি সংলগ্ন একটি টিনশেড রান্নাঘর থেকে ৯০০ কেজি চাল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল সাকিদার সরকারি চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে মজুত এবং পরে তা বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করেছেন।
ঘটনায় উজ্জ্বল সাকিদার, পাচারচক্রের মূলহোতা অভিযুক্ত পলাতক বাবু মণ্ডলসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বুধবার রাতে মান্দা থানায় মামলা করা হয়েছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অভিযান চালিয়ে ৯০০ কেজি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।