বাসস
  ২১ মে ২০২৬, ১৭:৪৭

বগুড়ায় ১০ নারী শ্রমিক নিয়ে নৌকাডুবি, ১ জন নিখোঁজ

আজ বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

বগুড়া, ২১ মে ২০২৬ (বাসস) : জেলার ধুনটে ঝড়ের কবলে পড়ে যমুনা নদীতে ১০ জন নারী যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আঙ্গুরি খাতুন (৫০) নামে এক নারী এখনও নিখোঁজ রয়েছেন। 

আজ সকাল ১১ টার দিকে যমুনা নদীর ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আঙ্গুরি খাতুন বানিয়াজান এলাকার লাল মিয়ার স্ত্রী। 

স্থানীয় সূত্র জানিয়েছে, ধুনটের ভান্ডারবাড়ি থেকে নৌকায় চড়ে ১০ জন নারী শ্রমিক সকালে বাদাম তুলতে গিয়েছিলেন। কিন্তু ঝড় বৃষ্টির কারণে কাজ করতে না পেরে তারা ফেরত আসার পথে যমুনার চর থেকে বানিয়াজান ঘাটের দিকে আসার সময় নৌকাটি ডুবে যায়। পরে বানিয়াজান ঘাট থেকে ভাটির দিকে বরইতলি ঘাট এলাকা থেকে ১ নারীকে উদ্ধার করেন স্থানীয়রা। আর মেঘাই ঘাট এলাকা থেকে আরও ৮ জন উদ্ধার হন। নৌকার মাঝিও নিরাপদে আছেন। কিন্তু আঙ্গুরির খোঁজ এখনও মেলেনি।   

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, আমরা দুই ঘণ্টা বোট নিয়ে যমুনা নদীর  বিভিন্ন এলাকায় খোঁজ করছি। নদীতেও প্রচুর স্রোত আছে। সব মিলিয়ে ওই নারীর এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসছে। তারা এসে উদ্ধার কাজে  যোগ দেবেন। 

ইউএনও জানিয়েছেন, উদ্ধারকৃত সবাই সুস্থ আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে শুকনো খাবার পৌঁছে দেয়া হয়েছে।