শিরোনাম

সুনামগঞ্জ, ২১ মে, ২০২৬ (বাসস): জেলায় ৩ দিনব্যাপী অনুষ্ঠিত ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) মিলনায়তনে এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার শুরু হওয়া প্রশিক্ষণে দুই গ্রুপে সুনামগঞ্জ শহরের বসবাসরত শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক, ইমাম ও এনজিও সংস্থার প্রতিনিধিগণ (মোট ৩০ জন) এবং কৃষক-কৃষাণী (মোট ৩০ জন) অংশ নেন।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আল-মিনান নূর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাদাত হোসেন।
প্রশিক্ষণ পরিচালনা এবং খাদ্য ভিত্তিক পুষ্টি ফলিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর সুনামগঞ্জ আঞ্চলিক প্রধান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মুশফিকুছ সালেহীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ জনশক্তি সৃজন, পুষ্টিহীনতা দূরীকরণ, বেকার সমস্যা সমাধান ও স্বকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)।