বাসস
  ২১ মে ২০২৬, ১৭:৪২

বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ে কর্মশালা 

ছবি : বাসস

বরগুনা, ২১ মে, ২০২৬ (বাসস) : জেলায় ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলা প্রশাসকের সূবর্ণ জয়ন্তী মিলনায়তনে মৎস্য অধিদপ্তর আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার। 

বিশেষ অতিথি ছিলেন, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

এতে বক্তব্য দেন, কোস্ট গার্ড পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মো. শাহজালাল, দৈনিক দ্বীপাঞ্চল সম্পাদক মো. মোশাররফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জেলায় ইলিশ সম্পদ রক্ষায় পোনা নিধন, অবৈধ জাল উৎপাদন বন্ধ, নদীর নাব্যতা ঠিক রাখা, জেলে সহায়তা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কর্মতৎপরতা বৃদ্ধিসহ জেলেদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

কর্মশালা শেষে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭০ জন জেলেকে ঈদ উপহার প্রদান করা হয়।