শিরোনাম

নওগাঁ, ২১ মে, ২০২৬ (বাসস): কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নে নওগাঁয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্সনইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
প্রধান অতিথি বলেন, কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষকদের আর্থিক উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছেন। এ কার্ডে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাবেন। এছাড়াও আরও ১০ ধরনের সুবিধা মিলবে এ কার্ডের মাধ্যমে।
তিনি বলেন, উত্তম কৃষি চর্চা করতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক বেলাল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল প্রমুখ।
আয়োজকরা জানান, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে অংশ নেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং স্টেকহোল্ডাররা। পাশাপাশি স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।