শিরোনাম

বগুড়া, ২০ মে, ২০২৬ (বাসস) : জেলার শাজাহানপুরে দুগ্ধজাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড এর কারখানায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যে ব্যবহৃত উপাদান মোড়কে উল্লেখ না করা এবং দই তৈরির দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি বনানী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, প্লেইন ইয়োগাট ব্র্যান্ডের শক্তি দইয়ে রং ও ফ্লেভার ব্যবহার করা হলেও তা মোড়কে উপাদান হিসেবে উল্লেখ করা হয়নি।
এছাড়া ফর্টিফাইড টক দই ব্র্যান্ডের টক দইয়ে এসটিপিপি (সোডিয়াম ট্রাই পলিফসফেট) ব্যবহার করা হলেও সেটিও মোড়কে ঘোষণা করা হয়নি বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এসটিপিপি প্রি-ডায়াবেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী ও শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে।
এদিকে দই তৈরির মূল উপাদান দুধ ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করে টেট্রাসাইক্লিন ও বিটা ল্যাকটাম ধরনের অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়। এ বিষয়ে অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
পরে খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেনসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে শাজাহানপুর থানা-পুলিশের একটি দল।
এ সময় প্রতিষ্ঠানটিকে সরকারের খাদ্য নিরাপত্তাবিষয়ক সব আইন ও বিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়।